Ridge Bangla

‘প্রজাপতি ২’ থেকে বাদ পড়লেন ফারিণ, দেবের নায়িকা হচ্ছেন জ্যোতির্ময়ী

দেব অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রজাপতি ২’ নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ বিরাজ করছে। প্রথম কিস্তি বক্স অফিসে সফল হওয়ার পর থেকেই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলেন অনেকে। চলতি বছরের শুরুতে এই সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু হলেও এতদিন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। অবশেষে জানা গেছে, আগামী জুলাই মাস থেকেই শুরু হচ্ছে ‘প্রজাপতি ২’-এর শুটিং।

প্রথমে খবর এসেছিল, এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এমন ঘোষণায় দুই বাংলার সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ফারিণ এই প্রজেক্ট থেকে বাদ পড়েছেন। সূত্র জানিয়েছে, ভিসা জটিলতার কারণে ছবিটি থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।

ফারিণের পরিবর্তে এবার দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছবিটি নিয়ে সম্প্রতি একটি বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন প্রযোজক অতনু রায় চৌধুরী, পরিচালক অভিজিৎ সেন এবং অভিনেতা দেব। সেখানে সিদ্ধান্ত হয়, প্রথম পর্যায়ের শুটিং হবে কলকাতায় এবং পরিস্থিতি অনুকূল থাকলে দেশের বাইরে কিছু দৃশ্য ধারণ করা হবে।

‘প্রজাপতি ২’ পরিচালনা করছেন আগের মতোই অভিজিৎ সেন এবং প্রযোজনায় রয়েছেন অতনু রায় চৌধুরী। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তিতে দেবের সঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর, যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার নতুন কাস্ট ও নতুন কাহিনিতে আসছে সিক্যুয়েল।

ভক্তরা অপেক্ষায় রয়েছেন—দেব ও জ্যোতির্ময়ীর নতুন রসায়ন কীভাবে দর্শকদের মন জয় করে বড় পর্দায়।

This post was viewed: 44

আরো পড়ুন