আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটার নিবন্ধন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, শুধু প্রবাসী বাংলাদেশি নয়, সরকারি চাকরিতে নিয়োজিত সেই সব ভোটারও এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন, যারা দায়িত্বের কারণে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। এখনও যারা অ্যাপটিতে নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
দেশে থাকা নাগরিকদের অনুরোধ করা হয়েছে, বিদেশে বসবাসরত তাদের স্বজনদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধনে সহায়তা ও উৎসাহিত করতে। কমিশন বলছে, ডাকযোগে পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হলে প্রবাসী ভোটারদের বিদেশের সঠিক ঠিকানা প্রদান আবশ্যক। প্রয়োজনে বন্ধু, আত্মীয় কিংবা নিকটস্থ পরিচিত কোনো প্রতিষ্ঠানের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ্য, প্রবাসীদের প্রথমবারের মতো ডাকযোগে ভোটদান নিশ্চিতে গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। নির্বাচন কমিশন আশা করছে, এ উদ্যোগ প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।