Ridge Bangla

পোস্টাল ব্যালটে ভোট: প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ৫ হাজার ৪৩৮ জন প্রবাসী বাংলাদেশি। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৪০৭ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৩১ জন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হওয়া প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এজন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ আফ্রিকা, মিশর, লিবিয়া, ব্রাজিল, তাইওয়ানসহ মোট ৪০টির বেশি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও ওশেনিয়ার বিভিন্ন রাষ্ট্র।

ইসি আরও জানায়, পোস্টাল ব্যালট প্রাপ্ত ভোটাররা নির্ধারিত নিয়মে ভোট প্রদান করে ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পাঠাবেন।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

This post was viewed: 31

আরো পড়ুন