Ridge Bangla

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই শোক পালন করা হবে। বুধবার (২৩ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এই তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। তিনি এক দশকেরও বেশি সময় ধরে ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

This post was viewed: 37

আরো পড়ুন