Ridge Bangla

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫ জন

পেরুর আরেকুইপা অঞ্চলে ভয়াবহ বন্যার সময় উদ্ধার কাজে নিয়োজিত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৫ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনী নিশ্চিত করেছে, এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার অনুসন্ধান অভিযান পরিচালনা করে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং ১৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চারজন ক্রু সদস্য এবং ১১ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে সাতজন শিশু; এর মধ্যে এক শিশু মাত্র ৩ বছরের। বাকি শিশুরা ১০, ১৪, ১৫ এবং ১৭ বছরের।

মুষলধারে বৃষ্টিপাতের কারণে পেরুর ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ধস, রাস্তা ও ঘরবাড়ি ধ্বংস, গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বজ্রপাতে একজন পুরুষ এবং বন্যার পানিতে একজন বয়স্ক মহিলা নিহত হয়েছেন।

বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাতে হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকর্মীরা বিপুল ঝুঁকির মধ্যে পড়েন। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা তৎপর রয়েছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও নিরাপদ আশ্রয় প্রদানের কাজও দ্রুত শুরু করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন