দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছানো দমকলকর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থলেই ৩৬ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ওপোর্তো স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, যাত্রীবাহী বাসটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান।
আরেকুইপা আঞ্চলিক সরকার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, আহত ২৬ জনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাইওয়ে টহল পুলিশের এক প্রাথমিক প্রতিবেদনে ১৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হলেও পরবর্তীতে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। উদ্ধারকর্মীরা সারাদিন ধরে দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে, যা দেশটির অন্যতম ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ মহাসড়ক হিসেবে পরিচিত। দুর্ঘটনার কারণ তদন্তে স্থানীয় কর্তৃপক্ষ বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে। পেরুতে পাহাড়ি অঞ্চলের আঁকাবাঁকা ও বিপদসংকুল সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। দেশজুড়ে এই ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ নাগরিক ও কর্তৃপক্ষ।