Ridge Bangla

পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা

দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না এলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যে বাজার স্বাভাবিক না হলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, দেশে এখন কোনো পেঁয়াজ সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং অচিরেই নতুন পেঁয়াজ বাজারে আসবে। তাই স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে আরও কয়েকদিন সময় দেওয়া হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না এলে আমদানির অনুমোদন দেব। ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮০০টি আমদানির আবেদন জমা পড়েছে। দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মৌসুমের শেষ, হঠাৎ ভারি বৃষ্টি এবং সংরক্ষণের সময় পেঁয়াজের ওজন কমে যাওয়া—এসব কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে সরকার বাজারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে কি না, জানতে চাইলে শেখ বশিরউদ্দীন বলেন, আমার কাছে তেমন কোনো তথ্য নেই। এটি সাময়িক সংকট, শিগগিরই বাজার স্থিতিশীল হবে। তিনি আরও জানান, সীমান্তের ওপারে বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে পেঁয়াজ মজুত করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

“আমরা পরিস্থিতি সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করছি। আমদানির অনুমোদন দিলে বাজারে পেঁয়াজে সয়লাব হয়ে যাবে, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন বাণিজ্য উপদেষ্টা।

This post was viewed: 30

আরো পড়ুন