Ridge Bangla

পুরনো ধারা বদলে যুগোপযোগী প্রাথমিক শিক্ষা গড়ার আহ্বান গণশিক্ষা মন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে পুরনো ও প্রথাগত চিন্তার ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে সৃজনশীল ও আধুনিক ভাবনায় প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

স্বচ্ছতা ও সুশাসনের ওপর গুরুত্ব আরোপ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘আমরা জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে কাজ করছি।’ তিনি আরও বলেন, শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখলেই চলবে না, মন্ত্রণালয়ের অধীন প্রতিটি দপ্তর ও সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সুশাসনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা খাতে একটি দৃশ্যমান ও টেকসই পরিবর্তন আনাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্ত্রী উল্লেখ করেন।

প্রাথমিক শিক্ষা উন্নয়নের মূল ভিত্তি উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড হলে তার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা।’ প্রতিমন্ত্রী বলেন, এই স্তরের মানোন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

This post was viewed: 3

আরো পড়ুন