Ridge Bangla

পুনরায় গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব ট্রাম্পের, ডেনমার্কের কড়া প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ড নিয়ে হুমকি বন্ধের আহ্বান জানানোর পর এ মন্তব্য করেন ট্রাম্প।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।” তিনি গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে আগের মতোই দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন।

এর প্রতিক্রিয়ায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন বলেন, “এবার যথেষ্ট। যুক্তরাষ্ট্রের দখল কল্পনামাত্র।” তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই যেকোনো আলোচনা হতে পারে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ডেনমার্ক রাজ্যের কোনো অংশ দখলের অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তিনি স্মরণ করিয়ে দেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুটিই ন্যাটোর সদস্য এবং দ্বীপটির নিরাপত্তা জোটের আওতায় রয়েছে।

এদিকে ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগীর স্ত্রী সামাজিক মাধ্যমে মার্কিন পতাকার রঙে গ্রিনল্যান্ডের মানচিত্র পোস্ট করলে তা নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। ডেনমার্কের রাষ্ট্রদূত এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে মিত্রসুলভ আচরণ ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

This post was viewed: 21

আরো পড়ুন