Ridge Bangla

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির দাবি, শান্তি আলোচনাকে ভণ্ডুল করতেই মস্কো এই মিথ্যা গল্প ছড়াচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, রোববার রাতভর ৯১টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেন উত্তর-পশ্চিম নোভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে হামলার চেষ্টা চালায়। রাশিয়ার দাবি, ইউক্রেনের সব ড্রোন তারা প্রতিহত করেছে এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে হামলার সময় পুতিন সেখানে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

কিয়েভ এ অভিযোগকে “রাশিয়ার চিরাচরিত মিথ্যাচার” বলে আখ্যায়িত করেছে। জেলেনস্কি সতর্ক করে বলেন, এ ধরনের দাবি নতুন করে ইউক্রেনের ওপর হামলার ইঙ্গিত হতে পারে। তিনি জানান, রাশিয়া আগেও কিয়েভে সরকারি ভবনে আঘাত হেনেছে এবং এবারও রাজধানী লক্ষ্যবস্তু হতে পারে।

বিপরীতে রাশিয়া জানিয়েছে, এ ঘটনার পর শান্তি আলোচনায় তাদের অবস্থান ‘কঠোর’ করা হবে, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে তারা সরে আসছে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, অভিযোগের পক্ষে একটিও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি মস্কো। কারণ বাস্তবে এমন কোনো হামলাই হয়নি।

This post was viewed: 17

আরো পড়ুন