২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডকে বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে উল্লেখ করে এর যথাযথ বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সেনা সদস্যরা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞের পেছনের উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও এর পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে এসেছে। নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন না করে বিদ্যমান কমিশনের সুপারিশ অনুযায়ী বিচারাধীন মামলাগুলোর জুডিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং অন্যান্য সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শহীদ পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের নৃশংস ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবিশ্বাসী শক্তির ষড়যন্ত্রেরই অংশ।