Ridge Bangla

পারিবারিক কারণে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশের বাইরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি সিইও জানান, “বুলবুল ভাই পারিবারিক কারণে দেশ ছাড়ছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করছি।”

বোর্ডের একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে তিনি বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসব।”

গত কিছু সময় ধরেই বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে। বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর বোর্ড পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, ঘরোয়া ক্লাবগুলোর সঙ্গে দূরত্ব এবং সংবাদমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে ক্রিকেটাঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে বিসিবি প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের বলেন, “নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পর আশা করি ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে। ক্লাবগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।”

নান্নু আরও যোগ করেন, “আমাদের কাছে ক্রিকেটই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সব কিছুর উপরে বাংলাদেশ- এই নীতি মেনে এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস চলবে না। আমরা চাই, সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক।”

This post was viewed: 3

আরো পড়ুন