Ridge Bangla

পাবনায় ডিসি কার্যালয় ঘেরাও: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠেন। তাদের দাবি, সংশ্লিষ্ট দুই আসনে ভোট গণনায় অনিয়ম হয়েছে এবং ফলাফল পুনর্বিবেচনার জন্য অবিলম্বে পুনঃগণনার উদ্যোগ নিতে হবে।

বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পান ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

অন্যদিকে, পাবনা-৩ আসনে জামায়াতের মাওলানা আলী আজগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন পান ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

This post was viewed: 3

আরো পড়ুন