Ridge Bangla

পাত্রী দেখে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শামসুর রহমান (২৫)। তিনি দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।

শামসুর রহমানের মা নুরুন নাহার বেগম দাবি করেন, তার ছেলে কোনো পদধারী নেতা ছিলেন না। তবে ছাত্রলীগের কিছু কর্মসূচিতে অংশ নিতেন। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে তার ছেলে জড়িত ছিল না।

নুরুন নাহার বেগম আরও জানান, গ্রেপ্তারের দিন বিকেলে শামসুর রহমান পাশের উপজেলা বাউফলে বন্ধুদের সঙ্গে নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গত বছরের ৭ নভেম্বর থানায় একটি মামলা হয়। বাদী হাসান সিকদারের করা সেই মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উগ্রপন্থি কর্মী শামসুর রহমানকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন