অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনিদের জমি কেনা সহজ করতে নতুন কয়েকটি বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করেছে ইসরায়েল। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিসভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফিলিস্তিনি নেতারা এ পদক্ষেপকে ‘কার্যত একীভূতকরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
পশ্চিম তীর দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলেই ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা। বর্তমানে পশ্চিম তীরের বড় অংশ ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে নির্দিষ্ট কিছু এলাকায় পশ্চিমাদের সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছে।
নতুন সিদ্ধান্তের ফলে বসতি সম্প্রসারণ প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপন অবৈধ বলে বিবেচিত হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করতে পারে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়াতে পারে।