রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক মুদি ব্যবসায়ীকে গুলি করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে সংঘটিত এ হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। হোসেন দিপু (৪৫) নামের ওই ব্যবসায়ীর পথরোধ করে মোটরসাইকেলে আসা তিনজন মুখোশধারী দুর্বৃত্ত। একপর্যায়ে তারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত দিপুর স্ত্রী আফরোজা জানান, গুলিটি তার স্বামীর বাম পায়ের হাঁটুর ওপর লাগে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা বাইরে এসে প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্লবী এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম হাঁটুতে গুলির ক্ষত রয়েছে, জরুরি বিভাগে তার চিকিৎসা চলমান।