Ridge Bangla

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে অগ্নিসংযোগ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ নাশকতা চালানো হয়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মিছিল ও অবস্থান নেন। সকাল সাতটার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি যাত্রীবাহী বাসেও ভাঙচুর চালানো হয় এবং সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ সৃষ্টি করা হয়।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সকাল ৮টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, আন্দোলনকারীরা সেতুর এক কিলোমিটার পশ্চিমে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তারা আন্দোলনকারীরূপে চিহ্নিত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

This post was viewed: 26

আরো পড়ুন