Ridge Bangla

পদ্মফুল তুলতে গিয়ে চার স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ফুল তুলতে গিয়ে একসঙ্গে চার স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজনগর এলাকার মশুরিভাজা বিলে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শেষ করেন।

নিহত চারজনই একই পরিবারের সদস্য। তারা হলো, রাজনগর গ্রামের আবদুল সামাদের দুই মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১২), সামাদের ভাই সাহারুল ইসলামের মেয়ে আলিয়া খাতুন (১২) এবং চাচাতো ভাই ইছহাক আলীর মেয়ে মিম আক্তার (১২)। সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে চার শিশু একটি ডিঙি নৌকা নিয়ে বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে নৌকাটি উল্টে গেলে তারা পানিতে পড়ে যায় এবং আর উঠতে পারে না। দীর্ঘ সময়েও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের ধারে পড়ে থাকা স্যান্ডেল দেখে সন্দেহ হলে এলাকাবাসী পানিতে নামেন।

কিছুক্ষণ পর এক শিশুর মরদেহ ভেসে উঠলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। উদ্ধারকর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং এক শিশুকে জীবিত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় সেও মৃত্যুবরণ করে।

এ ঘটনার পর রাজনগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বলেন, ওরা সবাই ছিল অত্যন্ত মিষ্টি মেয়ে, একসঙ্গে পড়ত, খেলত। কে জানত ফুল তুলতে গিয়েই তাদের জীবন শেষ হবে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিলে পানির গভীরতা প্রায় ১০ ফুট ছিল, যা শিশুদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

This post was viewed: 26

আরো পড়ুন