Ridge Bangla

নৌবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ তিনজন আটক, উদ্ধার কোটি টাকার আইস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় টেকনাফ, বরগুনা ও ভোলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ-কন্টিনজেন্ট।

গত শনিবার (২৪ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় নৌবাহিনী। অভিযানে মাদক কারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী হামিদুল্লাহকে (রোহিঙ্গা) আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যানুযায়ী, মুন্না ও স্থানীয় বাসিন্দা মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

তল্লাশিকালে মাদকের পাশাপাশি একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড তাজা গুলি, দুটি ওয়াকিটকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ১২৬ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক রোহিঙ্গাদের মাধ্যমে কেনাবেচার জন্য সেখানে মজুত করা হয়েছিল।

এদিকে পৃথক অভিযানে বরগুনার বামনা এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি সালমা পারভীনকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের উপকরণ, একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

অন্য আরেক অভিযানে ভোলার দৌলতখান এলাকা থেকে ১০টি ককটেল ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান ও সন্ত্রাস দমনে সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে উপকূলীয় এলাকা ও দায়িত্বপ্রাপ্ত আটটি জেলার ১৬টি সংসদীয় আসনে প্রায় পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন