Ridge Bangla

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী জিরো পয়েন্টে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীরা ওছখালীতে মশাল মিছিলের আয়োজন করলে। তারা বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে মিছিল চালাচ্ছিলেন। এসময় শামীম অনুসারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পায়।

আজিম অনুসারী ও শামীম অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ছররা গুলির ঘটনা ঘটেছে। শামীম অনুসারীরা পাল্টা হামলা চালালে আজিম অনুসারীরা ক্ষেপে ওঠে এবং সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে। শামীম অনুসারীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং আগুন ধরানো হয়। সংঘর্ষ চলাকালীন ওছখালী বাজারের কিছু এলাকা দুই গ্রুপের দখলে ছিল।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে পুলিশের কাছে আহতদের বিস্তারিত তথ্য এখনও পৌঁছায়নি। এ ঘটনায় উপজেলার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা জোরদার করেছে।

This post was viewed: 20

আরো পড়ুন