নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি আলাউদ্দিন (৪০), সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অপর চারজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী ওই চরের বিভিন্ন অংশ বিক্রি করতে শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে এবং তারাও চরের জমি বেশি দামে বিক্রির চেষ্টা চালায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে কোপা সামছু বাহিনীকে চর থেকে বিতাড়িত করতে আলাউদ্দিন বাহিনী আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে। জমি দখল ও বিক্রিকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপ মুখোমুখি অবস্থানে গিয়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিনসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।