নোয়াখালীর মাইজদী শহরের একটি ব্যস্ততম বিপণিকেন্দ্র থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। থানার অদূরবর্তী সুপার মার্কেটে সংঘটিত এ ঘটনায় শহরের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে। নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এ এ চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে দোকান পরিচালনা করেন তার ছেলে মেহেরাজ হোসেন নিলয়।
তিনি জানান, প্রতিদিনের মতো সেদিন রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের শাটারের তালা ভেঙে এবং কাচ ভাঙার মাধ্যমে ভেতরে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তারা ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।