Ridge Bangla

নৈশপ্রহরীকে জিম্মি করে অটোরিকশা গ্যারেজে ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত চক্র অস্ত্রের মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে দুটি অটোরিকশা গ্যারেজে ডাকাতি চালায়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা ১০টি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ৩৪টি ব্যাটারি খুলে নিয়ে যায়, যার বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি।

৭০ বছর বয়সী নৈশপ্রহরী আবুল হোসেন জানান, ৫–৬ জনের সশস্ত্র ডাকাত দল রামদা ও পিস্তল দেখিয়ে তাকে মৃত্যুভয় দেখায়। পরে তার হাত-মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে তারা গ্যারেজে ঢুকে লুটপাট চালায়। ফজরের নামাজের সময় অন্য পাহারাদার ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

এই লুণ্ঠনের ঘটনায় ১০ জন দরিদ্র অটোরিকশা চালক জীবিকার একমাত্র মাধ্যম হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। কিস্তির টাকায় কেনা গাড়ির ব্যাটারি ডাকাতরা পরিকল্পিতভাবে তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়ায় চালকরা দিশেহারা হয়ে পড়েছেন।

গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত ব্যাটারি উদ্ধারে অভিযান চলছে।

This post was viewed: 9

আরো পড়ুন