Ridge Bangla

নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ‘সর্বোচ্চ’ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই চমক দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে দারুণভাবে মোকাবিলা করে তার প্রমাণ দিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে সহজ সমীকরণে ম্যাচ হেরে যায়। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না মার্কিনিদের সামনে। ঠিক সেই ম্যাচেই তারা চমক দেখালো। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে রেকর্ডগড়া ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানের বিশাল সংগ্রহ গড়ে যুক্তরাষ্ট্র। ১৯৬ রানের বিরাট সংগ্রহে দলের পক্ষে সাইতেজা মুক্কামাল্লা ৫১ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৭৯ রান করেন। আর শুভাম রঞ্জন ২৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন।

১৯৬ রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমে ডাচরা ১৫ ওভার ৫ বলে ১০৩ রান তুলতেই গুটিয়ে যায়। ডাচদের মধ্যে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। দলের পক্ষে বাস ডি লিট সর্বোচ্চ ২৩ রান করেন। যুক্তরাষ্ট্রের হারমিত সিং ৪ ওভারে ২১ রানে ৪টি উইকেট নেন।

৯৩ রানের এই ঐতিহাসিক জয় দিয়ে নেদারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপে যে অনন্য রেকর্ড গড়ে, সেটি হলো আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড। এতদিন এই রেকর্ডটি ছিল এশিয়ার দেশ নেপালের। ২০২৪ বিশ্বকাপ আসরে তারা হংকংকে ৮০ রানে হারিয়েছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশ বাদে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার।

This post was viewed: 3

আরো পড়ুন