Ridge Bangla

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি, মিরপুরে অগ্নিকাণ্ড

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন বছর উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর ঘটনা ঘটেছে। এরই মধ্যে রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-৭ এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশের ভবনের একটি অংশে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজি বা পটকার আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে শোককালীন সময়ে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি ও শোভাযাত্রা আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট ঘিরে নিরাপত্তা ও জনস্বার্থে আতশবাজি ও পটকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও এবার শোককালীন বিধিনিষেধ থাকায় নিষেধাজ্ঞা ছিল আরও কঠোর। তবুও নগরীর বিভিন্ন এলাকায় এসব নিষিদ্ধ কর্মকাণ্ডের চিত্র দেখা গেছে।

This post was viewed: 19

আরো পড়ুন