ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম সম্বলিত গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের নাম, পরিচয় ও প্রাপ্ত ভোটের তথ্যসংবলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত কমিশনের নেই। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা চাইলে নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
ইসি সূত্রে জানা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও একজন প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনের ফলাফল স্থগিত রাখা হয়। ফলে প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় এবং তার ভিত্তিতেই গেজেট প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৭টি আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছেন।