ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই সতর্কবার্তা প্রকাশ করে।
এফসিডিও এক প্রজ্ঞাপনে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এতে বলা হয়েছে, ভ্রমণের আগে যথাযথ পরিকল্পনা করা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা জরুরি। একই সঙ্গে প্রয়োজন ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অত্যাবশ্যকীয় কারণ ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এফসিডিও জানিয়েছে, এসব অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়মিত খবর পাওয়া যায়।
নির্বাচনসংক্রান্ত নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি উগ্রবাদী গোষ্ঠীর হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে সহিংস ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এফসিডিও নাগরিকদের বড় জনসমাগম, রাজনৈতিক কর্মসূচি ও সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখা এবং জরুরি অবস্থায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।