আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমনের বিষয় নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় এবারের আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হওয়ায় এবার পর্যবেক্ষক তালিকায় যুক্ত হচ্ছে বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থা।
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা এবারের নির্বাচনে অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী আরও ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল ১৫৮ জন, একাদশ জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং দশম জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন মাত্র চারজন পর্যবেক্ষক।
ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিত্বকারী এসব ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর ও কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।
যেসব দেশ এখনো তাদের প্রতিনিধি চূড়ান্ত করেনি, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এ ছাড়া দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।