বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটি বলেছে, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন ইভার্স ইজাবস। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য দেন টমাস জ্যাচোভস্কি।
ইভার্স ইজাবস বলেন, ২০২৬ সালের সংসদ নির্বাচন সামগ্রিকভাবে গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। ভোটারদের মৌলিক স্বাধীনতা রক্ষা এবং অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী আইনি কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছে, যা অংশীজনদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে। প্রতিবেদনে নাগরিক পর্যবেক্ষক, ফ্যাক্ট-চেকার এবং তরুণ ও নারী কর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত না হওয়া, নারীদের সীমিত রাজনৈতিক সুযোগ এবং কিছু বিক্ষিপ্ত স্থানীয় সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে আংশিকভাবে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করা হয়।