ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মোট ৮ হাজার ৩৮০টি কল এসেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল বিভিন্ন অভিযোগসংক্রান্ত। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।
তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯৯৯ একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার আওতায় ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বিশেষ সেবা কার্যক্রম চালু রাখা হয়।
প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে ছিল আচরণবিধি লঙ্ঘন, প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিষয়। এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশসহ রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে, প্রাপ্ত মোট কলের মধ্যে ৪ হাজার ৬৬৭টি ছিল নির্বাচনসংক্রান্ত নানা তথ্য জানতে নাগরিকদের করা অনুসন্ধানমূলক কল।
মহিউল ইসলাম আরও বলেন, পুরো নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রেখে সেবাপ্রত্যাশীদের জরুরি সহায়তা দেওয়া হয়েছে। অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।