আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, বৈঠকে কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের প্রক্রিয়া, স্বচ্ছতা নিশ্চিতের কৌশল ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এসব প্রস্তুতি নিয়ে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের সক্ষমতার ওপর আস্থা রেখেছেন।
তিনি আরও বলেন, কমিশনের কাজের প্রতিটি ধাপ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম বা লোকচুরির সুযোগ নেই- এ বিষয়টি কূটনীতিকদের অবহিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা সম্পর্কেও তারা জানতে চান।
এম এম নাসির উদ্দিন জানান, ভোটের দিন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন থাকবে, যাতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কমিশনের লক্ষ্য একটাই- নির্বাচনকে সুন্দর, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। এ উদ্দেশ্য কূটনীতিকরা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সকালে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।