Ridge Bangla

নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইইউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মাঠপর্যায়ে কাজ করবেন।

কমনওয়েলথের সেক্রেটারি-জেনারেল শার্লি বচওয়ের ঘোষণায় জানানো হয়, সাবেক ঘানা প্রেসিডেন্ট নানাআকুফো-অ্যাডোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এ দলে রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন প্রশাসনে অভিজ্ঞ বিশেষজ্ঞরা থাকবেন। কমনওয়েলথ সচিবালয়ের একটি সহায়ক দলও তাদের সঙ্গে কাজ করবে।

কমনওয়েলথ জানিয়েছে, বাংলাদেশে নির্বাচন ও গণভোট জাতীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হচ্ছে কি না, তা স্বাধীনভাবে মূল্যায়ন করাই তাদের মূল উদ্দেশ্য।

এদিকে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, ২৭টি সদস্যরাষ্ট্রসহ নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডা থেকে প্রায় ২০০ পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস।

ইইউ মিশনের কার্যক্রম শুরু হয়েছে গত ডিসেম্বর থেকে। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে আরও স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন।

সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহ অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থার প্রতিফলন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩০০ আসনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই দিনে জুলাই সংস্কার সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

This post was viewed: 30

আরো পড়ুন