স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লাপোর্তা আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট।
এবারের নির্বাচনে সাবেক তারকা ফুটবলারের ভূমিকা নিয়ে আলোচনাও জোরদার হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছেন। তবে লিওনেল মেসি এই বিষয়ে কোনো অবস্থান নেননি। মেসি ও লাপোর্তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয়। এই কারণে ফন্টের পক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনার কথাও শোনা গেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট এবং ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়েছে, চলমান নির্বাচনে সরাসরি যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি ভোট দেবেন না এবং কোনো প্রার্থীর পক্ষেও প্রকাশ্যে মন্তব্য করবেন না। মেসি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎও করবেন না, এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। ফন্ট নির্বাচনে জয়ী হলে প্রথম ফোনকল মেসিকে জানাবেন বলে আগে জানিয়েছেন।
মেসির ভোট না দেওয়ার মূল কারণ হিসেবে তার যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবনকে দেখা হচ্ছে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে সক্রিয় ক্যারিয়ার চালাচ্ছেন তিনি। তাই আপাতত বার্সেলোনার ক্লাব রাজনীতির বাইরে থাকতে চাইছেন। অতীতে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় নিয়মিতভাবে অংশ নেওয়া মেসির এ সিদ্ধান্ত এবার উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে।