Ridge Bangla

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সকল পক্ষের সহযোগিতা অব্যাহত থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি জানান, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন স্বস্তির সঙ্গে কাজ করছে এবং নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী পাঁচ দিনের মধ্যে কমিশনের কাছে আপিল করতে পারবেন। এজন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে। আপিল গ্রহণ ও শুনানি সহজ করতে নির্বাচন কমিশন সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে নির্বাচন ভবনে পৃথক বুথ স্থাপন করেছে। নির্ধারিত বুথ অনুযায়ী প্রার্থীরা তাদের আপিল জমা দিতে পারবেন।

আগামী ১০ জানুয়ারি থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে আপিলের শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হবে। তবে আপিলের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে কমিশন।

This post was viewed: 30

আরো পড়ুন