Ridge Bangla

নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে নির্বাচন নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলেও এতে দেশের অভ্যন্তরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে না। তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করার মতো সক্ষমতা তাদের নেই। সাহস থাকলে তারা দেশে এসে আইনের আশ্রয় নিয়ে কথা বলতো। পালিয়ে থেকে বক্তব্য দেওয়া মানেই তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশে তাদের উল্লেখযোগ্য কোনো সমর্থক নেই। যারা ছিল, তাদের বড় একটি অংশ দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ফ্যাসিবাদী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীগুলোও আর দেশে সক্রিয় নয় বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা সহিংসতা ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল এবং বিদেশে আশ্রয় নিয়েছে, তাদের যেন আইনের আওতায় ফিরিয়ে দেওয়া হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, কাশিমপুর কারাগারে জায়গা সংকট নিরসনে কেরানীগঞ্জ এলাকায় নতুন একটি কারাগার নির্মাণের বিষয়টি সরকার বিবেচনা করছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

This post was viewed: 5

আরো পড়ুন