Ridge Bangla

নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি সানাউল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন-সংশ্লিষ্ট কেউ নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।

শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলার শীর্ষ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত প্রত্যেককে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে ভোটের মাধ্যমেই জয় নিশ্চিত করতে হবে; অনিয়ম বা ‘দুই নম্বরি’র কোনো সুযোগ নেই। ভয়ভীতি, সন্ত্রাস কিংবা গুজব যেন দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সবাইকে দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, এটি শুধু একটি নিয়মতান্ত্রিক নির্বাচন নয়; এর সঙ্গে দেশের গণতন্ত্র, জাতীয় ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয় জড়িত। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন