Ridge Bangla

নারায়ণগঞ্জে ১০১ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাব-১১-এর পৃথক দুটি অভিযানে ১০১ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তাররা হলেন—মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু (২৮), সাইফুল ইসলাম সাকিব (২৫), মো. মানিক (৩১), সাদ্দাম (৩২), সহিদ (৩৭) ও মনির হোসেন (৫৭)। সবাই সোনারগাঁ এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—৫টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫টি ছুরি, একটি সুইচ গিয়ার ও একটি বড় দা। এছাড়া, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়। র‌্যাব জানায়, ভোর ৫টার দিকে সোনারগাঁয়ের পাচকানিরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। পরে মেঘনা-টু-বটতলা সড়ক থেকে গাঁজাসহ মিনি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব অধিনায়ক সাজ্জাদ হোসেন জানান, এই ডাকাত চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকায় যানজট সৃষ্টি করে বাসে ডাকাতি করত। তারা অনলাইনে মনিটরিং করে বিদেশগামী যাত্রীদের টার্গেট করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অবশিষ্ট চক্রের সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধারকৃত গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 43

আরো পড়ুন