Ridge Bangla

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও মাদকসহ ১১ জন গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে দুর্গম চরাঞ্চল ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পরিচালিত এই অভিযানের তথ্য নিশ্চিত করেন ৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

যৌথ বাহিনীর তথ্যমতে, আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যারচর ও কদমিরচর এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে অভিযান চালানো হয়। সেখানে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, শটগানের কার্তুজ, ককটেল, রামদা, চাপাতি, ছোরা, দা, কুড়াল, হকিস্টিকসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। এ সময় পাঁচজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, কাটা রাইফেল, গুলি, চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারসহ আরও ছয়জনকে আটক করা হয়।

This post was viewed: 24

আরো পড়ুন