নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক দ্রব্য উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ‘সাইন ফ্ল্যাক্সি প্যাক’ নামের ওই কারখানাটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এতে মেশিনারি, কাঁচামাল ও প্রস্তুত পণ্যসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ।
বুধবার রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি এবং ফতুল্লা স্টেশনের দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কারখানার মালিক দিলীপ সাহা জানান, রাত সোয়া একটার দিকে তিনি কারখানায় আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে কারখানার ভেতরে থাকা উৎপাদন মেশিন, পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিপুল পরিমাণ প্লাস্টিকজাত পণ্য আগুনে পুড়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যা স্বস্তির বিষয়। তিনি জানান, কারখানাটিতে প্লাস্টিকের কাঁচামাল ও দাহ্য দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।