Ridge Bangla

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে হওয়া এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ চার ঘণ্টা সময় লাগে।

গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকার প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড নামক কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মণ্ডলপাড়া স্টেশন থেকে তিনটি, হাজীগঞ্জ ও ফতুল্লা থেকে দুটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা পর ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত পণ্য তৈরি করা হতো। ভেতরে প্রচুর প্লাস্টিক কাঁচামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের উৎপত্তি হতে পারে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

This post was viewed: 11

আরো পড়ুন