দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে কর রাজস্ব বৃদ্ধি অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আয় বাড়িয়ে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের প্রধান অগ্রাধিকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। তাই দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সেই অর্থ যথাযথ খাতে ব্যয় নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণস্থল পরিদর্শনে যান অর্থমন্ত্রী। বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি তিনি সরেজমিনে ঘুরে দেখেন। হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত প্রায় ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি পরিদর্শন করা হয়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।