Ridge Bangla

নরসিংদী ও গাজীপুরে ফের ভূমিকম্প অনুভূত

নরসিংদীর মাধবদীতে শুক্রবার ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড করা কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩।

কেন্দ্রের দায়িত্বরত সহকারী নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি ক্ষুদ্রমাত্রার স্থানীয় ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা। কম্পনের মাত্রা তুলনামূলকভাবে কম হওয়ায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ছোটখাট কম্পন অনুভব করেছেন।

গত শুক্রবার সকালে নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পে দুই শিশুসহ মোট ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকশ মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকৃতিকভাবে ভূমিকম্পের পর ছোট-খাট কম্পন সাধারণ। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পুরনো ও অবকাঠামোগত দুর্বল ভবনে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

This post was viewed: 25

আরো পড়ুন