নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রাতের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ব্যবসায়িক আলাপের কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে বের হতে প্ররোচিত করেন। পরিবারের আপত্তি সত্ত্বেও দুর্বৃত্তরা তাকে বিদ্যালয় মাঠে নিয়ে যায় এবং সেখানে তার বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হত্যার পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা এখনও পরিষ্কার নয়। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।