Ridge Bangla

নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৯ হাজার ১৯৯ কোটি টাকা রেমিট্যান্স

বাংলাদেশ রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সরকারি হিসাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকার হার ধরা হলে এটি প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকার সমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের নভেম্বরের এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৬০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স ছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার।

২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৯৫৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে প্রবাসী আয় জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের শেষে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এই পরিসংখ্যান এক অর্থবছরে দেশে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্সের চিত্র তুলে ধরে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার জোগান ও অর্থনীতির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ডলারের ক্রমবর্ধমান প্রবাহ বিনিয়োগ, আমদানি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।

This post was viewed: 30

আরো পড়ুন