Ridge Bangla

নবম পে-স্কেল বাস্তবায়নে ভুখা মিছিলের আলটিমেটাম দিল সরকারি কর্মচারীরা

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত বছরের পুরোনো ৭ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারের কাছে আলটিমেটাম দিয়েছে। দাবিসমূহ মেনে না নেওয়া হলে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের নেতারা এ কর্মসূচির বিস্তারিত প্রকাশ করেন। এর আগে ১ থেকে ৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরকারি দপ্তরের সামনে দুই ঘণ্টা করে অবস্থান ও বিক্ষোভ পালন করা হবে।

ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, “সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরও সরকারি কর্মচারীদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত মহাসমাবেশে আশা করা হয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ হবে, কিন্তু তা হয়নি। তাই আগামী দিনে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।”

ঐক্য পরিষদের ৭ দফা দাবির মধ্যে প্রধান বিষয়গুলো হলো নবম পে-স্কেলে সর্বনিম্ন ৩৫ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ, দ্রুত গেজেট প্রকাশ, ২০১৫ সালের পে-স্কেল গেজেটে বাদ পড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির হার ১০০ শতাংশ এবং পেনশন প্রদান। এছাড়া ব্লক পোস্ট ও সব পদে পাঁচ বছর অন্তর পদোন্নতি, বাজারমূল্য অনুযায়ী ভাতাদি পুনর্নির্ধারণ এবং সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে একক নিয়োগবিধি প্রণয়নের মাধ্যমে বেতন ও পদবৈষম্য দূর করার দাবিও রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন