ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
তবে দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রচারিত এসব তালিকার অধিকাংশই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে নতুন মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, মন্ত্রিসভা গঠন প্রক্রিয়াটি বর্তমানে তারেক রহমানের ব্যক্তিগত তত্ত্বাবধানে রয়েছে এবং বিষয়টি দলীয় পর্যায়ে একটি ‘সিক্রেট ফাইল’ হিসেবেই বিবেচিত হচ্ছে।
দলের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এ বিষয়ে এখনো স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সীমিত পরিসরে দু-একজন সিনিয়র নেতার সঙ্গে পরামর্শ করা হলেও তারা চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব চেয়ারম্যানের ওপরই ছেড়ে দিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয়ী হয়েছে বিএনপি। দীর্ঘ প্রায় দুই দশক পর দলটি সরকার গঠনের পথে থাকায় নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।