Ridge Bangla

নক্ষত্রের পতন: ২০২৫ সালে বিনোদন বিশ্ব হারালো যাদের

২০২৫ সাল বিশ্বজুড়ে সংস্কৃতি ও বিনোদনপ্রেমীদের জন্য একদিকে যেমন ছিল আনন্দের বছর, তেমনি অন্যদিকে ছিল অপূরণীয় ক্ষতিরও বছর। এ বছরে ‘হামনেট’, ‘সরি-বেবি’, পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’সহ পার্ক চান-উকের ‘নো আদার চয়েস’-এর মতো একাধিক আলোচিত সিনেমা ও সিরিজ মুক্তি পেয়েছে। পাশাপাশি বছরের শেষদিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার’ সিরিজের নতুন কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

তবে এসব সাফল্য ও বিনোদনের মাঝেই ২০২৫ সাল স্মরণীয় হয়ে থাকবে বিনোদন জগতের বহু কিংবদন্তি তারকার বিদায়ের জন্য। হলিউড, বলিউড, আন্তর্জাতিক সংগীত, সাহিত্য ও মঞ্চের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্ব এ বছর চিরবিদায় নিয়েছেন। তাঁদের প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সৃজনশীলতার মাধ্যমে তাঁরা যে অবদান রেখে গেছেন, তা শুধু ভক্তদের হৃদয়েই নয়, বৈশ্বিক সংস্কৃতিতেও গভীর ছাপ রেখে গেছে।

এ বছর বলিউড থেকে যাঁরা বিদায় নিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্রের ‘হি-ম্যান’ খ্যাত এই কিংবদন্তি অভিনেতা ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘শোলে’, ‘সিতা অউর গীতা’সহ অসংখ্য কালজয়ী ছবিতে তাঁর পৌরুষদীপ্ত ও বৈচিত্র্যময় অভিনয় তাঁকে অমর করে রেখেছে।

‘ভারত কুমার’ নামে পরিচিত কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মনোজ কুমার ৪ এপ্রিল ৮৭ বছর বয়সে প্রয়াত হন। দেশাত্মবোধক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয়। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘উপকার’, ‘পুরব অউর পশ্চিম’ ও ‘ক্রান্তি’। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও পরিচালক গোবর্ধন আসরানি দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০ অক্টোবর মারা যান। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে তাঁর হাস্যরসাত্মক অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।

প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশলও এ বছর চিরবিদায় নেন। দিলীপ কুমার ও রাজ কাপুরের সঙ্গে ‘নদিয়া কে পার’ ও ‘শহীদ’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন।

সংগীত ও মঞ্চজগতেও ছিল বড় ক্ষতি। জ্যামাইকান রেজি সংগীতের কিংবদন্তি শিল্পী জিমি ক্লিফ ২৪ নভেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত হন। ‘দ্য হার্ডার দে কাম’ সিনেমার মাধ্যমে তাঁর জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

আধুনিক মঞ্চ ও চলচ্চিত্রের প্রভাবশালী নাট্যকার ও চিত্রনাট্যকার টম স্টপার্ড ২৯ নভেম্বর ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘রোজেনক্রান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ব্রাজিল’ ও ‘শেকসপিয়ার ইন লাভ’-এর মতো সৃষ্টির মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

ম্যাডচেস্টার আন্দোলনের পথিকৃৎ এবং দ্য স্টোন রোজেস ও প্রাইমাল স্ক্রিম ব্যান্ডের বেসিস্ট গ্যারি ‘মানি’ মাউনফিল্ডও এ বছর মারা যান। ফাংক ও ব্লুজ ধারার সংগীতে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

অকাল প্রয়াণের তালিকায় রয়েছেন গ্র্যামি-মনোনীত অপেরা গায়ক জুবিল্যান্ট সাইকস। ৮ ডিসেম্বর তিনি এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। বিশ্বের নামকরা অপেরা হলে পারফর্ম করার পাশাপাশি জুলি অ্যান্ড্রুজ ও জোশ গ্রোব্যানের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

চলচ্চিত্র ও কণ্ঠশিল্পের অঙ্গনেও এসেছে শোকের সংবাদ। জাপানি-মার্কিন অভিনেতা কারি-হিরোইকি তাগাওয়া ৪ ডিসেম্বর ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ‘মর্টাল কমব্যাট’, ‘দ্য লাস্ট এম্পেরর’ ও ‘দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসল’-এ তাঁর অভিনয় আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফেয়ারলি অডপেরেন্টস’-এ চেত উবেচ্চা এবং ভিডিও গেম চরিত্র ক্যাপ্টেন কুয়ার্কের কণ্ঠদাতা জিম ওয়ার্ড ১০ ডিসেম্বর ৬৬ বছর বয়সে মারা যান। তাঁর কণ্ঠ বহু প্রজন্মের শৈশবকে আনন্দমুখর করেছে।

রিয়েলিটি শো ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স’-এর সাবেক প্রতিযোগী ডোনিয়েল জোন্স ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২ ডিসেম্বর ৪৬ বছর বয়সে প্রয়াত হন।

সাহিত্য জগতেও নেমে আসে শোক। ‘শপাহোলিক’ সিরিজের জন্য পরিচিত ব্রিটিশ লেখিকা সোফি কিনসেলা ৯ ডিসেম্বর ৫৫ বছর বয়সে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর লেখাগুলো বিশ্বজুড়ে কোটি পাঠকের কাছে জনপ্রিয়।

কানাডিয়ান উদীয়মান অভিনেতা স্পেন্সার লোফ্রানকো মাত্র ৩৩ বছর বয়সে ১৮ নভেম্বর প্রয়াত হন। ‘জেমসি’ বয়’, ‘আনব্রোকেন’ ও ‘গুটি’-এর মতো ছবিতে তিনি অভিনয় করেছিলেন।

প্রাক্তন শিশু অভিনেতা জন আইমেন ২১ নভেম্বর ৭৬ বছর বয়সে মারা যান। তিনি ‘লিভ ইট টু বিভার’সহ বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।

২০২৫ সালে বিনোদন জগতের এই তারকাদের বিদায় আন্তর্জাতিক সংস্কৃতি অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তাঁদের সৃষ্টিশীল অবদান সময়ের পরীক্ষায় টিকে থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

This post was viewed: 27

আরো পড়ুন