Ridge Bangla

নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় ৫ ভ্যানযাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ডাম্পট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে পাঁচজন আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার বাসিন্দা। তাঁরা হলেন, বীরেন পাহান (৩৫), উজ্জ্বল পাহান (৩৮), বিপুল পাহান (২৫), সঞ্জু উড়াও (৪৫) এবং বিপ্লব পাহান (২২)। তাঁরা প্রত্যেকেই আদিবাসী কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নিজেদের উৎপাদিত হলুদসহ আরও কিছু সবজি বিক্রির উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যানে করে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন ওই পাঁচ কৃষক। পথে শিবপুর পাটকাঠি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ডাম্পট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

This post was viewed: 8

আরো পড়ুন