Ridge Bangla

ধামরাইয়ে গার্ডকে বেঁধে রেখে ৬৩৩ বস্তা চাল লুট

ঢাকার ধামরাই পৌর এলাকার একটি রাইস মিলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে নাইট গার্ড ও কর্মচারীদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে।

ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলে রোববার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ৮–১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে মিলের ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীসহ চার কর্মচারীকে অস্ত্রের মুখে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর একটি ট্রাক ঢুকিয়ে তারা ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

রাতে ১০–১২ জন ডাকাত মিলের পেছন দিয়ে এসে নাইট গার্ড মো. হযরত আলীকে বেঁধে চাকুর ভয় দেখায় এবং আরও চারজন শ্রমিককে এক কক্ষে আটকে রাখে। এরপর তারা মিল থেকে চাল লুট করে পালিয়ে যায়। পরে শ্রমিকদের একজনের সহায়তায় তারা মুক্ত হয়ে মালিককে বিষয়টি জানান। সকালে মিল কর্তৃপক্ষ চাল ব্যবসায়ীদের ফোন করে ডাকাতির খবর দেয়।

মিলের চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানায়। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।

আরও এক চাল ব্যবসায়ী ফরিদ পাগলা বলেন, ডাকাতির ঘটনা ঘটে রাত ৩টার দিকে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যবসা করছিলাম। এ অবস্থায় কী করব বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

This post was viewed: 12

আরো পড়ুন