বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ঢল এখন রাস্তায়। ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে মানুষ এই মুহূর্তের অপেক্ষায় ছিল। দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, আর আজ জনগণ সেই ত্যাগের প্রতিদান দিচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগে কদমতলী মোড়, মাদারবাড়ি ডিটি রোড, দুই নম্বর গলি, জুগিচাঁদ মসজিদ লেন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরাতন কাস্টম ও মালুম মসজিদসহ বিভিন্ন এলাকায় তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিপুলসংখ্যক নারীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এর আগে সকালে উত্তর কাট্টলির নাজির বাড়িতে বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
গণসংযোগকালে আমীর খসরু বলেন, গত ১৬–১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ আজ দেশের মানুষ স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একমাত্র বিএনপিই সক্ষম।
ভোটের মাধ্যমে সরকার গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকারই মানুষ নির্বাচিত করবে।